রাজধানীর ভাসানটেকের বাগানবাড়ী এলাকার একটি বাড়ি থেকে ৩৯ টন ন্যায্যমূল্যের চাল ও আটাসহ কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৪। এসময় একটি মিনি ট্রাকও জব্দ করা হয়। আটকরা হলেন- মো. শরিফুল ইসলাম (২১) ও মো. আব্দুর রহিম (৩৬)।
র্যাব জানায়, সরকারঘোষিত ন্যায্যমূল্যের চাল ও আটার বস্তা সংগ্রহ করতেন তারা। এরপর বস্তা পরিবর্তন করে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করতেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকা রেশনিং দফতরের রেশনিং এলাকা ডি-৯-এর এরিয়া রেশনিং কর্মকর্তাসহ রাজধানীর ভাসানটেকের বাগানবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। সেখান থেকে ন্যায্যমূল্যের খাদ্যসামগ্রী মজুতকারী কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
এসময় ওই বাড়ি থেকে ২৪ হাজার কেজি চাল, ১৫ হাজার কেজি আটা, একটি মিনি ট্রাক, একটি ওজন পরিমাপক মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কালোবাজারিতে ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি করে আসছিলেন। চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকারঘোষিত ন্যায্যমূল্যের চাল ও আটার বস্তা সংগ্রহ করেন। এরপর বস্তা পাল্টে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।